আজ রবিবার নিউজিল্যান্ড ক্রিকেট অভূতপূর্ব এক রেকর্ডের সাক্ষী হলো। এমন এক রেকর্ড, যা ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে কখনো হয়নি। এক অপরিচিত বোলার ব্রেট র্যান্ডেল প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পরপর পাঁচটি বলে পাঁচটি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
ব্রেট র্যান্ডেল এই অসাধারণ কাজটি করেছেন নেপিয়ারের ম্যাকলিন পার্কে। প্লানকেট শিল্ডের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে বোলিং করছিলেন তিনি।
র্যান্ডেলের সিম বোলিং নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেয়। ৩০ বছর বয়সী এই বোলার তার দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই ফেলেন অপর ওপেনার ও সাবেক নিউজিল্যান্ড টেস্ট ব্যাটসম্যান জিত রাভালকে।
এরপর পরপর তিনটি বলে আরও তিনটি উইকেট পড়ে। এই তিনটির মধ্যেই ছিল রেকর্ড ভাঙার বলটি। সেই বলে আন্তর্জাতিক অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করেন র্যান্ডেল।
ক্রিকেট পরিসংখ্যানবিদ ও ইতিহাসবিদদের সংগঠন 'অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান্স অ্যান্ড হিস্টোরিয়ান্স'-এর রেকর্ড বলছে, ১৭৭২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম নথিভুক্ত ম্যাচের পর থেকে আর কেউ এই কাজ করতে পারেননি।
এর আগে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কার্টিস ক্যাম্পার গত বছর একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনিই পেশাদার ক্রিকেটে প্রথম এই কাজ করেছিলেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে র্যান্ডেলের কীর্তিই এই প্রথম।
র্যান্ডেল অবশ্য এখানেই থামেননি। পরের ওভারে আরও দুটি উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত নর্দার্ন ডিস্ট্রিক্টস মাত্র ৮২ রানে গুটিয়ে যায়। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আগে করেছিল ৩৭৩ রান।
৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও নয় বছরের ক্যারিয়ারে র্যান্ডেলের এটি সেরা বোলিং ফিগার। তিনি শেষ পর্যন্ত ২৫ রানে সাত উইকেট নেন।


